নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে এবং সংবিধানে নির্ধারিত প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমান জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপির শীর্ষপর্যায়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার আগামী রোববার দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রীয় পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে আসেন। তার দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।