
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বাগমারা এলাকায় অবস্থিত আলহাজ্ব শাহজাহান চৌধুরী জামে মসজিদের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর ১২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ওমানের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ আলী সাইদ হোমাইদ সাইদ আল আমেরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মসজিদ নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমান প্রবাসী মো. শরীফুল ইসলাম (শরিফ), ব্যাংকার হামিদুল ইসলাম, অ্যাডভোকেট মিজান, কুতুবদিয়া উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা তায়েফুর রহমান আরিফ, বাঁশখালী উপজেলা ওলামা দলের সদস্য সচিব ফোরকান, বাঁশখালী প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক আবদুল মতলব কালু, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ রফিউল করিম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং মানবিক চেতনা বিকাশের অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও আধুনিক মসজিদ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্মাণকাজ যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তারা আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতায় এ ধরনের ধর্মীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব। ভবিষ্যতেও মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের শেষে মসজিদের নির্মাণকাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত মুসল্লিরা মসজিদের নির্মাণকাজে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :