দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


দিনাজপুর প্রতিনিধি, চন্দন মিত্র প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
দিনাজপুরে কৃষকদলের উদ্যোগে ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বিদ্যালয় মাঠে মেহগনি গাছের চারা রোপণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে এ আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের সভাপতি মো. নুরুজ্জামান সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দপ্তর সম্পাদক আকতার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-প্রচার সম্পাদক শরীফ জাকির হিরা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, কৃষিবিদ আবু তারিক, শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার রায়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আয়োজকরা জানান, দিনাজপুরে এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষার এ উদ্যোগ সফল করতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।