উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন পরিকল্পনায় বগুড়ায় দিনব্যাপী কর্মশালা


বিশেষ প্রতিনিধি, আব্দুল গনি মন্ডল প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন পরিকল্পনায় বগুড়ায় দিনব্যাপী কর্মশালা

বগুড়াসহ উত্তরাঞ্চলের পাঁচ জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় নির্ধারণে দিনব্যাপী মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও শিল্প খাতের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শুক্রবার (২৪ জুলাই) বগুড়া শহরের মমইন হোটেল অ্যান্ড রিসোর্টের লেভেল-৩ সম্মেলন কক্ষে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সি. এম. ইদরিসের সভাপতিত্বে এবং সৈয়দ ফজলে রাব্বি ডলারের সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নকে গতিশীল করতে সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বগুড়াকে কেন্দ্র করে পাঁচ জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের বৈষম্য দূর হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নের স্বার্থে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, কৃষি ও প্রকৌশল অনুষদসমৃদ্ধ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কৃষিপণ্য রপ্তানির জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন উন্নয়ন, পতিত খাসজমিতে কৃষিভিত্তিক শিল্প, খামার এবং সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কর্মশালার সুপারিশ বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।

টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, বগুড়া উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক ও সম্ভাবনাময় জেলা। বগুড়াকে কেন্দ্র করে গাইবান্ধা, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁকে নিয়ে একটি শক্তিশালী আঞ্চলিক উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন, শিল্পায়ন, গবেষণা, কর্মসংস্থান বৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় সরকারি কলেজের শিক্ষক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কৃষিবিদ, চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতা এবং পরিবহন খাতের প্রতিনিধিদের পাঁচটি দলে ভাগ করে নিজ নিজ খাতের সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়। আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও শিল্প খাতের উন্নয়নে বেশ কয়েকটি বাস্তবমুখী সুপারিশ উঠে আসে।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আনোয়ারুল কবির দুলাল, সিনিয়র সহ-সভাপতি কে এম রাজিউল্লাহ, কর্মশালা আয়োজন কমিটির আহ্বায়ক ডা. মতিউর রহমানসহ বিভিন্ন জেলার গবেষক, শিক্ষক, কৃষিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।