আবারও বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কার প্রভাবে মূল্যবান এই ধাতুর বাজারে চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে সোনার দাম আরও কমতে পারে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে নেমে আসে। একই সময়ে আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম এক দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরের শেষ দিকে সুদের হার আরও বাড়াতে পারে। সুদবিহীন সম্পদ হিসেবে পরিচিত সোনার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীরা বর্তমানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন, যা সোনার বাজারে মন্দাভাব সৃষ্টি করেছে। ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস রয়টার্সকে বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি তেলের উচ্চমূল্য এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার সম্ভাবনা স্বর্ণবাজারে চাপ তৈরি করেছে। তার মতে, পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৯০০ ডলারে নেমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম এক দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৫ ডলারে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম এক দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ২৭২ দশমিক ৩ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্ধারিত দরে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন :