বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে দেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে গভর্নর বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে চীনের বাজারে বাংলাদেশে উৎপাদিত পণ্যের আমদানি বাড়ানো প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশি পণ্যের জন্য চীনের বাজারে আরও বেশি সুযোগ সৃষ্টি হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং উভয় দেশই উপকৃত হবে।

ডিজিটাল লেনদেন ব্যবস্থা উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন গভর্নর। তিনি দেশে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন। এ ধরনের সহযোগিতা দেশের আধুনিক ও নিরাপদ ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিদেশি বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।

গভর্নর আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ দিন দিন উন্নত হচ্ছে। এই অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর শিল্প, উৎপাদন খাত এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব। এতে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং দেশের শিল্পায়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন।