পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম

বাংলাদেশের সংগীতপ্রেমীদের মাতাতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসে তিনি বাংলাদেশের খাবার, সংস্কৃতি ও মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন আতিফ আসলাম। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। একপর্যায়ে এক সাংবাদিক তার কাছে জানতে চান, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে বেশি পছন্দ। জবাবে আতিফ আসলাম বলেন, “খিচুড়ি। আর আপনাদের একটি চা আছে, সেটিও খুব মজার। এছাড়া বাংলাদেশের বিরিয়ানিরও কোনো তুলনা হয় না।”

তিনি বলেন, বিশ্বের যেখানেই যান না কেন, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন তিনি। মানুষ যখন তাকে চীনা বা থাই খাবার পছন্দ কি না জানতে চান, তখন তিনি বাংলাদেশি খাবারের কথা তুলে ধরেন। আতিফ বলেন, “আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে গিয়ে এখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে তার পুরোনো স্মৃতির বিষয়েও কথা বলেন আতিফ। তিনি জানান, একসময় একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। রুনা লায়লার প্রশংসা করে আতিফ বলেন, তিনি একজন অসাধারণ শিল্পী ও কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে নিজের ভালো লাগার কথাও জানান এই জনপ্রিয় গায়ক।

বাংলাদেশে তার কোনো আত্মীয় রয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে আতিফ আসলাম বলেন, “আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে আপনারা পরিবারের মতো। তবে বাস্তব অর্থে বলতে গেলে এখানে কাজের সূত্রে কিছু পরিচয় রয়েছে, এর বেশি কিছু নয়।”

জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট। এতে আতিফ আসলাম ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ সংগীত পরিবেশন করবে।