
বিশ্বখ্যাত ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা জিমি ডোনাল্ডসন, যিনি ‘মিস্টার বিস্ট’ নামে পরিচিত, দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট নির্মাতা থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগাভাগি করেন তিনি।
বিয়ের ছবি পোস্ট করে মিস্টার বিস্ট ক্যাপশনে লেখেন, “আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। এটি ছিল আমার জীবনের সেরা দিন।” তার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা শুরু হয়।
সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে ঘনিষ্ঠ ও ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে মিস্টার বিস্টকে গোলাপি ও সাদা রঙের ব্লেজারের সঙ্গে কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে থিয়া বয়সেন পরেছিলেন সাদা রঙের আকর্ষণীয় ওয়েডিং গাউন।
বিয়ের পর নিজের পরিচয়েও পরিবর্তন এনেছেন থিয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করে ‘থিয়া ডোনাল্ডসন’ রেখেছেন।
জানা গেছে, ২০২২ সালে এক বন্ধুর ডিনার পার্টিতে প্রথম দেখা হয় মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের। সেই পরিচয় ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। এরপর দীর্ঘদিন সম্পর্কের পর ২০২৪ সালের বড়দিনে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট। হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তের ছবি প্রকাশ করে তখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
মিস্টার বিস্ট বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার। তার ব্যতিক্রমধর্মী ভিডিও, বড় অঙ্কের উপহার ও মানবিক কার্যক্রমের কারণে বিশ্বজুড়ে রয়েছে কোটি কোটি অনুসারী।প্রিয় তারকার বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তাদের নতুন জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :