
ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে কথা বলেছেন বলিউড তারকা সালমান খান। শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করে তিনি আন্দোলনকে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের উদ্দেশে একটি বার্তা দেন। তিনি লেখেন, শিক্ষার প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ ও অঙ্গীকার একদিন ভারতকে গর্বিত করবে।
সালমান খান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে পরবর্তী সময়ে তা সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভের সময় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের উদ্যোগ তাদের সাহস ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে। একই সঙ্গে সন্তানদের পাশে দাঁড়ানো অভিভাবকদেরও প্রশংসা করেন এই অভিনেতা।
সালমান খান আরও বলেন, বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই এটিকে কোনো রাজনৈতিক সংঘাতে পরিণত করা উচিত নয়। এই আন্দোলনের কৃতিত্ব শুধু শিক্ষার্থীদেরই প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবে। শিক্ষা যেন মানুষের কাছে আরও আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মেডিকেল ভর্তি পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। দিল্লিসহ বিভিন্ন শহরে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
গত সোমবার দিল্লিতে বড় আকারের আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীদের একটি মিছিল সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ রয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করেছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।
পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। এদিকে বিরোধী নেতা রাহুল গান্ধীও সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :