ইন্টার মায়ামিতে যোগ দিলেন কাসেমিরো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
ইন্টার মায়ামিতে যোগ দিলেন কাসেমিরো

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে অভিজ্ঞ এই ফুটবলারকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মিয়ামি। এর মধ্য দিয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন কাসেমিরো।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে কাসেমিরোর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করে ইন্টার মিয়ামি। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের মৌসুম পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। অবশ্য প্রয়োজনীয় কর্মসংস্থান অনুমতি পাওয়ার পরই মাঠে নামতে পারবেন তিনি।

গত মৌসুম শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ক্লাব ছাড়েন কাসেমিরো। এরপর থেকেই তার পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা চলছিল। অনেকেই ধারণা করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে সেই সময়ের আগেই নতুন ঠিকানা হিসেবে মিয়ামিকে বেছে নিলেন ব্রাজিলের এই তারকা।

নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের লক্ষ্য সম্পর্কে কাসেমিরো বলেন, আরও শিরোপা জয়ের আকাঙ্ক্ষাই তাকে নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করেছে। তিনি জানান, ইন্টার মিয়ামির পরিকল্পনা ও তাকে দলে নিতে ক্লাবের প্রচেষ্টা তাকে মুগ্ধ করেছে।

কাসেমিরো বলেন, জয় এবং নিজের উন্নতি ধরে রাখাই তাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব ও সমর্থকদের আস্থার প্রতিদান দিতে মাঠ ও মাঠের বাইরে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি। ইন্টার মিয়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামও কাসেমিরোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কাসেমিরো একজন সফল খেলোয়াড় ও চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে অসাধারণ ক্যারিয়ারের পর তাকে মিয়ামিতে পেয়ে তিনি আনন্দিত।

রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে কাসেমিরো জিতেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও তিনটি ক্লাব বিশ্বকাপের শিরোপা। ২০২২ সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। সেখানে জিতেছেন এফএ কাপ ও ইংলিশ লিগ কাপ। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার শিরোপাও জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ইন্টার মিয়ামিতে মেসির পাশাপাশি কাসেমিরোর মতো অভিজ্ঞ তারকার যোগদান দলটির শক্তি আরও বাড়াবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।