‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন’

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের দিল্লিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও পালাতে হতে পারে। এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভবিষ্যতে বাংলাদেশে ফিরলে নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে ফিরতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতায় আসার পর মোংলায় শেখ হাসিনা সরকারের সময়কার মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এসব ঘটনা দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে স্থান পাবে বলেও মন্তব্য করেন তিনি।

গুম কমিশন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরোধিতা করছে। তার দাবি, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে।

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেন।

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।