
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয়।
তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই (বুধবার) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতির জন্য পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। একই চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে এ ঘটনায় দলীয় তদন্ত কমিটি গঠন করে জামায়াত।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও নৈতিক স্খলনের বিষয়টি উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :