পিরোজপুরে কিশোরী ধ’র্ষ’ণ মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
পিরোজপুরে কিশোরী ধ’র্ষ’ণ মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তন্ময় মিস্ত্রি নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকালে অঙ্কের প্রাইভেট শিক্ষক ঠিক করার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ৮টার দিকে বের হওয়ার পর ৯টার দিকে তন্ময় মিস্ত্রির বাড়ির দক্ষিণ পাশের পাকা সড়কে পৌঁছালে আসামি তার সঙ্গে কথা বলার ছলে কাছে আসে।

একপর্যায়ে তন্ময় মিস্ত্রি ওই কিশোরীর মুখ চেপে ধরে অমল মিস্ত্রির বসতঘরের পূর্ব পাশে একটি রান্নাঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন এডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মো: শওকত হোসেন।