কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরমে


নেছারাবাদ প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরমে

পিরোজপুরের কাউখালী উপজেলার জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে মাত্র ৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে, বিপরীতে কর্মরত রয়েছেন ৪ জন শিক্ষক। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ১ জন এবং পঞ্চম শ্রেণিতে ৪ জন শিক্ষার্থী রয়েছে। ফলে পুরো বিদ্যালয়ে বর্তমানে মাত্র ৭ জন শিক্ষার্থী নিয়মিত পাঠ গ্রহণ করছে।

স্থানীয়দের মতে, বিদ্যালয়টির ক্যাচমেন্ট এলাকা ছোট হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম। এছাড়া বিদ্যালয়টির আশপাশে আরও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের সেসব বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন।

অভিভাবকদের অভিযোগ, একসময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে বর্তমানে শিক্ষার মান আগের মতো না থাকায় অনেকেই সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করছেন। তারা মনে করেন, শিক্ষার মান উন্নয়ন করা গেলে বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীর সংখ্যা বাড়বে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর শিকদার বলেন, শিক্ষার্থী কম হলেও নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। নতুন শিক্ষার্থী ভর্তিতে অভিভাবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে কিছুটা জটিলতা রয়েছে। পদটি পূরণ হলে কার্যক্রম আরও গতিশীল হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুর রহমান বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ খতিয়ে দেখে শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়ন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ এবং শিক্ষার্থী বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।