
খুলনার দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সবুজ পরিবেশ গঠন ও কৃষকদের সহায়তার লক্ষ্যে কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা, গোবর সার ও বাঁশের লাঠি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেল গাছের চারা, পাঁচটি গোবর সারের প্যাকেট এবং চারার ভারসাম্য রক্ষার জন্য বাঁশের লাঠি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং দিঘলিয়া উপজেলা কৃষক দলের সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক ইফতেখার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এস এম মেহেদী হাসান, শেখ হেদায়েত, সেনহাটি ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, তৌহিদুজ্জামান সোহাগ এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ কৃষিতে পরিবেশবান্ধব উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, নারিকেল গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে সবুজায়ন বৃদ্ধি পাবে। পাশাপাশি নারিকেল চাষ কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
তারা আরও বলেন, কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষা ও কৃষির উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, বিনামূল্যে নারিকেল চারা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে তারা উপকৃত হয়েছেন। এসব চারা বড় হলে পরিবারের আয় বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।
আপনার মতামত লিখুন :