তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
তারেক রহমানের সঙ্গে ৩ জেলার বিএনপির সাংগঠনিক বৈঠক

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৯টা ২০ মিনিটে। বৈঠকে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম, দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি।

এছাড়া রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা বৈঠকে অংশ নেন। জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি উপজেলা পর্যায়ের নেতারাও এতে উপস্থিত ছিলেন।

বৈঠকে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করা এবং স্থানীয় নেতাদের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায় থেকেই প্রার্থী নির্বাচন করা হবে। পাশাপাশি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শেষে নেতারা জানান, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়েই আগামী দিনের কার্যক্রম পরিচালনা করা হবে।