
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নম্বর মরিচপুরান ইউনিয়নে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, গুজব ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নালিতাবাড়ী থানার উদ্যোগে ইউনিয়নের গোজাকুলড়া নতুন কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধ শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর নয়, অপরাধের পরিকল্পনা বা তথ্য জানামাত্র পুলিশকে অবহিত করলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজামুল ইসলাম, বিট কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম, মরিচপুরান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক এ এইচ এম শহীদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু এবং উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার।
বক্তারা বলেন, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :