কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন ডেপুটি স্পিকার 


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন ডেপুটি স্পিকার 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বই, ব্যাগ, জুতা বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। তবে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি এখনও আশানুরূপ নয়, যা উদ্বেগের বিষয়।

তিনি বলেন, অনেক বিদ্যালয়ে আধুনিক ভবন থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, একজন শিক্ষার্থীর চরিত্র, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের নিজেদের সন্তানের মতো আন্তরিকতার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন মালিহা মিলি ও আবিদ হাসান। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। মোট ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে এ অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।