
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধি ও শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে সমমনা সংস্থা, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের অর্থায়নে এবং এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা) বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সকিনা আক্তার। সভা সঞ্চালনা করেন ইরা সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. ফজলুল করিম। সভায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমমনা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় মেয়েদের মাধ্যমিক শিক্ষার পথে বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা হয়। পাশাপাশি এসব বাধা দূর করার উপায়, শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধ, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার ব্যক্ত করেন, কোনো মেয়ে যেন শুধু অর্থের অভাব কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখবেন তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সকিনা আক্তার বলেন, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে অভিভাবক সভা আয়োজন, সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক ও কাউন্সেলিং কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে জমা দিতে হবে। শিক্ষক, পেশাজীবী, সমাজসেবক ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষা অব্যাহত রাখতে ইরার মালালা ফান্ডের অর্থায়নে পরিচালিত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সভা বাস্তবায়নে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।
আপনার মতামত লিখুন :