রাজধানীতে ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ
রাজধানীতে ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই বা ফিকি) আয়োজিত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু হওয়া ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপোতে যোগ দেওয়ার আগে তিনি প্রদর্শনী পরিদর্শন করেন।

এক্সপো ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

আয়োজকরা জানান, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নীতিনির্ধারকদের কার্যকর আলোচনা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপোর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এফআইসিসিআইয়ের সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।