
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নতুন ভূষিবন্দর এলাকায় মজিবর রহমান নামে এক ব্যক্তির মিলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের ভেতরে রাখা বিপুল পরিমাণ ভুট্টা, তুলা ও বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। আগুন পাশের সাদিয়া রেফ্রিজারেশন ও ইলেকট্রিক ওয়ার্কসপেও ছড়িয়ে পড়লে সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নতুন ভূষিবন্দর এলাকার ওই মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা হঠাৎ মিলের ভেতর আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মিলে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সংশ্লিষ্টদের বিষয়টি জানান।
আগুনের তীব্রতা বেশি থাকায় মিলের ভেতরে থাকা ভুট্টা, তুলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম রক্ষা করা সম্ভব হয়নি। পরে আগুন পাশের সাদিয়া রেফ্রিজারেশন ও ইলেকট্রিক ওয়ার্কসপে ছড়িয়ে পড়ে। এতে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কোতোয়ালি থানার উপপরিদর্শক ছাব্বির আলম, সঙ্গীয় ফোর্স আমিনুল ইসলাম, হাবিবুর রহমান এবং পৌর তাঁতি দলের সহ-সভাপতি রাজেকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাতের পর দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :