
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের খাসতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে প্রাইভেট না পড়ার কারণে ১৮ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়া নিয়ে বিরোধের জেরে সহকারী শিক্ষক আব্দুর রহিম ১৮ জন শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অভিভাবকদের দাবি, রিয়ন ও আয়শা নামে দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে তার কাছে প্রাইভেট না পড়া শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এছাড়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রাইভেট পড়ানোর নামে নেওয়ার অভিযোগও রয়েছে। যারা টাকা দিতে অনাগ্রহী বা অপারগ, তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, শুধু তদন্তের আশ্বাস নয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :