
সিরাজগঞ্জের এনায়েতপুরে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ, পুলিশ নারী সহায়তা ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে কমিউনিটি পর্যায়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বাংলাদেশ পুলিশ নারী ইন্টিগ্রিটি অ্যান্ড জেন্ডার ইকুইটি (PREVAIL) প্রকল্পের আওতায় এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেনের নেতৃত্বে এবং এসআই সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য দেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টু সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির সভাপতি মাসুদ রানা সরকার, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সহ-সভাপতি মুক্তার হাসান, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন, সাংবাদিক বাবু মির্জা, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী এমদাদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ফরিদসহ অনেকে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী প্রতিনিধি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, মাদকসেবন, মাদক পাচার ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা তৈরি করছে। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো অপরাধ বা মাদক সংক্রান্ত তথ্য গোপন না রেখে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।
সভায় পুলিশ নারী সহায়তা ডেস্কের কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, নির্যাতনের শিকার নারী ও শিশুরা থানার নারী সহায়তা ডেস্কে নিরাপদ পরিবেশে অভিযোগ জানাতে পারবেন। সেখানে আইনগত পরামর্শ, প্রয়োজনীয় সহায়তা ও সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়।
এ সময় জেন্ডারভিত্তিক সহিংসতার কারণ, সামাজিক প্রভাব এবং প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে হবে। নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলে সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত, সহিংসতামুক্ত ও নিরাপদ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :