
মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে পিরোজপুরে জনসচেতনতামূলক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে র্যাব-৮ বরিশালের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, র্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ইমাম, সুধীজন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমানে তরুণ প্রজন্মের জন্য বড় ধরনের সামাজিক হুমকি হয়ে উঠেছে। এসব অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি র্যাব-৮ এর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও সামাজিক অবক্ষয় প্রতিরোধে নিয়মিত এমন আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাব-৮, বরিশালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :