নন্দীগ্রামে দই-মিষ্টির দুই দোকানে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
নন্দীগ্রামে দই-মিষ্টির দুই দোকানে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি দই-মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা এবং দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য উল্লেখ না করার অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে শিমলা বাজারের দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—‘সাকিব হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার’ এবং ‘ভাই-বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’। এর মধ্যে সাকিব হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শিমলা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে শাহানুর আলম (৪৮) এবং ভাই-বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী একই গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে জনাব আলী (৩২)।

অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খোন্দকার মো. জামিল উদ্দিন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।