মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর পৌরসভার উদ্যোগে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) মোছা. জেসমিন আক্তার বানু। কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন, বিপণন এবং ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার, ফরমালিন ও কৃত্রিম রঙের অপব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির ক্ষতিকর দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। সুস্থ, কর্মক্ষম ও উন্নত জাতি গঠনে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উৎপাদক, ব্যবসায়ী, বাজার ব্যবস্থাপনা কমিটি ও ভোক্তাদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য আইন কার্যকর বাস্তবায়ন, নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।