
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২০ নম্বর দক্ষিণ ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পানির ট্যাংক পরিষ্কার করতে পাঠানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।
জানা গেছে, গত ২২ জুলাই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের নির্দেশে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. ইয়ামিন হোসেনকে বিদ্যালয়ের ছাদে থাকা পানির ট্যাংক পরিষ্কার করতে পাঠানো হয়। ট্যাংক পরিষ্কার করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর ২৩ জুলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষক নাজমুন নাহার আক্তারের কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়।
নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন একজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পানির ট্যাংক পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়েছিল। এ বিষয়ে এক কার্যদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত ব্যাখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সার্বিক বিষয় লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে সুপারিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :