মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকার হানিফ পরিবহনের কাউন্টারের সামনে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাংনীতে আসার কথা রয়েছে। এর আগে সমাবেশস্থলের প্রায় ১০ মিটারের মধ্যে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগ খুলে ভেতরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, সোমবার সকালে গাংনী শহরের হাটবোয়ালিয়া সড়কে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবিসংবলিত তিনটি কুশপুত্তলিকা ঝোলানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে বোমাসদৃশ বস্তু উদ্ধারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না ছড়ায়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, কে বা কারা ওই ব্যাগ সেখানে রেখে গেছে এবং কুশপুত্তলিকা ঝোলানোর ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :