সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধের মানবেতর জীবন, ভিক্ষা করে চলছে দিন


টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি, জসিম মুন্সী  প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধের মানবেতর জীবন, ভিক্ষা করে চলছে দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া ও নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে রোববার (২৬ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ।

অভিযোগকারী আব্দুস সালাম (৯৭) উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত ওমেদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।

অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন, তাঁর ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন করেন না। বয়সের ভারে ন্যুব্জ হয়ে বর্তমানে জীবিকা নির্বাহের জন্য তাঁকে পথে পথে ভিক্ষা করতে হচ্ছে।

বৃদ্ধের অভিযোগ, বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তাঁর দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে অনেক সময় ছেলেরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলেও তিনি অভিযোগ করেছেন। এমনকি তাঁর ব্যবহৃত কাঁথা-কম্বলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে তিনি আরও বলেন, জীবনের শেষ সময়ে এসে তিনি চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই সন্তানদের কাছ থেকে আইন অনুযায়ী ভরণপোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেন। তবে তিনি দাবি করেন, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাঁদের বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। কেন তিনি দায়িত্ব পালন করেন না, সে বিষয়ে বাবাকে মেজো ভাইয়ের কাছেই জানতে বলেন তিনি। তাঁর দাবি, মেজো ছেলের বিরুদ্ধে তাঁর বাবা কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্তানদের ভবিষ্যতের জন্য সারাজীবন পরিশ্রম করা এই বৃদ্ধ বয়সের শেষ সময়ে এসে অবহেলা ও অসহায়ত্বের শিকার হয়েছেন। তাদের মতে, ঘটনাটি শুধু একটি পরিবারের সমস্যা নয়; এটি সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ববোধ ও মানবিকতার বিষয়টি নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”