চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা চা শিল্পের বর্তমান পরিস্থিতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি চা খাতের টেকসই উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় উপস্থিত চা শিল্প সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করবে।

সভায় প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের চাপ কমানো এবং সহজ শর্তে স্বল্প সুদে নতুন ঋণ সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। একই সঙ্গে চা বাগানের অকৃষি বা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানান তিনি।

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে চা শিল্পের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

চা শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় চা শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।