ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দ/গ্ধ তিনজনেরই মৃ/ত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দ/গ্ধ তিনজনেরই মৃ/ত্যু

রাজধানীর ভাটারা এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু হয়েছে। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফাহিমা আক্তার (২১)। এর আগে তার স্বামী শাহীন (২৪) ও ভাগনি হাফছা (৪) মারা যায়।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, ভাটারার গ্যাস বিস্ফোরণে দগ্ধ ফাহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় ফাহিমার স্বামী শাহীন ও ভাগনি হাফছা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। নিহত শাহীনের প্রতিবেশী মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী ছিলেন। তিনি পরিবার নিয়ে ভাটারা থানার নতুনবাজার ১০০ ফিট এলাকার একটি বাসার নিচতলায় বসবাস করতেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জানা যায়, গ্যাস লাইনের লিকেজ থেকে ওই বিস্ফোরণ হয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় গ্যাস লাইনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সংযোগ ও লাইনগুলো নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।