
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং শক্তিশালী মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ও বুধবার (২৯ জুলাই) দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র এলাকায় ঝোড়ো বাতাসের সৃষ্টি হতে পারে। তাই উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :