
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক দায়িত্ব পালনের কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর বাইরে কেউ কোনো বক্তব্য দিলে তা দেওয়ার স্বাধীনতা রয়েছে। তবে এসব বক্তব্য আমলে নেওয়ার মতো কোনো বিষয় তিনি দেখছেন না। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তিনি তা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এবং স্পিকার তা গ্রহণ করেছেন। এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। কেউ প্রতিবাদ করতে পারেন, বক্তব্য দিতে পারেন—এটি তাদের অধিকার। রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা অন্য কেউ অভিযোগ তুলতেই পারেন। তবে সরকার এসব অভিযোগের মধ্যে আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।
তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময় সংবিধান ও বিধিবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। সরকার তার কাছ থেকে সহযোগিতা পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিশেষ সুবিধাপ্রাপ্ত এবং তার দায়মুক্তি রয়েছে। দায়িত্ব পালনকালীন বিষয়ে ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় পলাতক শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির ফোনে যোগাযোগের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। তিনি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় কোনো অভিযোগ থাকলে সেটি সেই সময়ের বিষয়। আইন অনুযায়ী বিষয়টি পরিচালিত হবে।
আপনার মতামত লিখুন :