
নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিমন হাসান ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমাতে যান লিমন। পরদিন সকালে দীর্ঘ সময় পার হলেও ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানানো হয় পুলিশকে।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :