সখীপুরে এক গ্রাম থেকে ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা দিলেন এলাকাবাসী


টাঙ্গাইল ভ্রাম্যমাণ প্রতিনিধি, আল-আমীন  প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
সখীপুরে এক গ্রাম থেকে ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা দিলেন এলাকাবাসী

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় একটি গ্রাম থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলসহ ৮ শিক্ষার্থী বৃত্তি অর্জন করায় তাদের সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

গত শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ঘাটেশ্বরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা দিয়ে সম্মাননা জানানো হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— ফাতেমা আক্তার শেমী, আরাফাত আল মামুন, আনাস আল মামুন, কুঞ্জেনুর বিনতে কামাল, তাওহীদুর রহমান খান, সামির হোসেন, মোনায়েম হোসেন ও সানজিদা আক্তার মীম।

সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এবং ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সরওয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন সখীপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মাইন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমান হোসেন, অধ্যক্ষ নাছির উদ্দিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জমজ তিন সন্তানের মা শিক্ষিকা আর্জিনা বেগম।

বক্তারা বলেন, একটি গ্রাম থেকে একসঙ্গে এতসংখ্যক শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে গর্বের বিষয়। এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাবে।

তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।