দোন্নারুমার বিয়েতেও ‘ভাইকিং’ ঝড় তুললেন হাল্যান্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
দোন্নারুমার বিয়েতেও ‘ভাইকিং’ ঝড় তুললেন হাল্যান্ড

২০২৬ বিশ্বকাপে আলোচনায় আসা নরওয়ের জনপ্রিয় ‘ভাইকিং রো’ উদযাপনের দৃশ্য এবার দেখা গেল ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার এরলিং হালান্ডের উপস্থিতিতে। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়ের অনুষ্ঠানে হালান্ডের নেতৃত্বে অতিথিরা অংশ নেন এই বিশেষ উদযাপনে।

জিয়ানলুইজি দোন্নারুমা তার দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিজ দেশ ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। মনোরম লোকোরোতন্দো শহরে আয়োজিত এই বিয়েতে ইউরোপীয় ফুটবলের অনেক তারকা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা এরলিং হালান্ড।

নিজের স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে হালান্ড বিয়ের অনুষ্ঠানে ড্রামে তাল তোলেন। তার তালে সাড়া দিয়ে অতিথিদের একটি বড় দল বসে বসেই একসঙ্গে ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নেয়। পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।

একপর্যায়ে হালান্ড নিজেই হাসিতে ফেটে পড়েন। একজন অতিথি কীভাবে এই উদযাপনে অংশ নেবেন তা বুঝতে না পারলে তাকে আলাদা করে নিয়ম বুঝিয়ে দেন তিনি। সেই মুহূর্ত উপস্থিত অতিথিদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে।

দোন্নারুমার বিয়েতে ইতালি ও ইউরোপীয় ফুটবলের বেশ কয়েকজন পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ছিলেন ইতালির জাতীয় দলের সতীর্থ ও ফুটবল কিংবদন্তিরাও। এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনিও অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া ইতালির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে নরওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হালান্ড। তার নৈপুণ্যে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলসহ পুরো আসরে সাতটি গোল করেন তিনি।

বিশ্বকাপের ব্যস্ততা শেষে এখন বান্ধবীকে নিয়ে অবসর সময় কাটাচ্ছেন হালান্ড। এখনও ম্যানচেস্টার সিটির অনুশীলন ক্যাম্পে যোগ দেননি তিনি। ইংলিশ ক্লাবটি বর্তমানে কোচ এনজো মারেস্কার অধীনে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে।