দেশপ্রেমিক ব্যক্তি কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারেন না: বিমান ও পর্যটনমন্ত্রী 


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
দেশপ্রেমিক ব্যক্তি কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারেন না: বিমান ও পর্যটনমন্ত্রী 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি কখনো দুর্নীতিতে জড়াতে পারেন না। দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই একজন দেশপ্রেমিক কাজ করেন এবং দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

রোববার (২৬ জুলাই) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার আদর্শ প্রতিষ্ঠা করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, অতীতে দেশের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তবে এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান—এই তিনটি মূল্যবোধ ধারণ করতে পারলে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে মন্ত্রী কলেজ ক্যাম্পাসে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।