চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের কথা মাথায় রেখে সেরা সমন্বয়ের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তাদের অনুপস্থিতিতে দলে ফিরেছেন জাকের আলি অনিক ও সৌম্য সরকার। এছাড়া চমক হিসেবে প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান।

দীর্ঘদিন পর টেস্ট দলের ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকার। তার ফেরার ফলে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। অন্যদিকে, জাকের আলির ফেরায় ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দলে রয়েছেন অমিত হাসানও।

স্পিন আক্রমণে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস বিভাগে রাখা হয়েছে পাঁচজন বোলার—তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান।

এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হওয়ার কথা রয়েছে পেসার ইবাদত হোসেনের। এ কারণে তিনি বিসিবির কাছে পিতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন। তবে নাহিদ রানা ও শরিফুল ইসলামের চোটের কারণে দলের পেস আক্রমণে সংকট তৈরি হওয়ায় নিজের ছুটি বাতিল করে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইবাদত।

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিং বিভাগে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলামসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতি এবং তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের কারণে এই সিরিজে ভালো করার প্রত্যাশা করছে দল।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান ও তাসকিন আহমেদ।