বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
বাংলা‌দে‌শে বিনিয়োগ করতে প্রস্তুত অনেক দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার অর্থনৈতিক কূটনীতিকে আরও শক্তিশালী করছে এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে বিভিন্ন দেশের সরকার ও বিনিয়োগকারীরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তারা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

তিনি বলেন, চীন, জাপান, আমেরিকাসহ বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো নির্দিষ্ট দিনক্ষণ দেখে হয় না; প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনার মধ্য দিয়েই বিনিয়োগ বাস্তবায়িত হয়।

বিনিয়োগের পথে নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। এসব প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি দাবি করেন, সরকার একটি দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। ব্যাংকিং খাত, পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনৈতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করে একটি গতিশীল অর্থনীতি গড়ে তুলতে প্রয়োজনীয় নীতি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বিনিয়োগের অগ্রাধিকার খাত সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়া খাতেও বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থনৈতিক ও ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। এ খাতে বিনিয়োগ বাড়াতে কাজ চলছে এবং ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের সামুদ্রিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমিতে উল্লেখযোগ্য বিনিয়োগ আনার সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।