ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে বদলি করা হয়েছে। তার স্থলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের নতুন জনসংযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, এনআইডি অনুবিভাগে কর্মরত উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে বদলি করে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে বর্তমান জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন দায়িত্বে আব্দুল মমিন সরকার কমিশনের গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রম, তথ্য প্রকাশ এবং জনসংযোগ কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে কর্মরত সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি দেয় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। ওই ঘটনার পরপরই নির্বাচন কমিশনের জনসংযোগ শাখায় এই পরিবর্তন এলো।

নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে নির্বাচন কমিশনের জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।