মালয়েশিয়ায় প্রবাসী ওয়াসিমের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি


গোবিন্দগঞ্জ প্রতিনিধি, জাহিদ মিয়া প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় প্রবাসী ওয়াসিমের মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

উন্নত জীবনের স্বপ্ন আর পরিবারের আর্থিক সংকট কাটানোর প্রত্যাশায় ধার-দেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা সোনারপাড়া গ্রামের বাসিন্দা ওয়াসিম। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মরত অবস্থায় মালয়েশিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়াসিমের মরদেহ বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

ওয়াসিমের মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। উপার্জনের প্রধান অবলম্বন হারিয়ে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ, লেখাপড়া এবং পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্বজনদের।

পরিবারের সদস্যরা জানান, সংসারের স্বচ্ছলতা ফেরানোর আশায় ঋণ করে ওয়াসিমকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর অকাল মৃত্যুতে একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে।

তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন।

এদিকে স্থানীয় বাসিন্দারাও মানবিক বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ওয়াসিমের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং শোকসন্তপ্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।