সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, যাচাই, প্রশিক্ষণ, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং উন্নত প্যাকেজিং খাতে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। তিনি বলেন, সেমিকন্ডাক্টর খাতকে সরকার জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। এ খাতের উন্নয়ন কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, বরং এটি একটি সম্মিলিত জাতীয় উদ্যোগ।

প্রধানমন্ত্রী আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের ওপর আরোপিত বিভিন্ন কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর নকশা সেবার রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানের ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ জন্য ব্যবসাবান্ধব নীতি, কর সুবিধা, বন্ড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে দেশি-বিদেশি নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে ১১টি পূর্ণাঙ্গ অধিবেশন, সাতটি কৌশলগত আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’-এ শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি ও অন্যান্য উন্নত প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।