দেওয়ানগঞ্জে প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী মিল্লাতের মতবিনিময়


দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে প্রাথমিক শিক্ষার উন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রী মিল্লাতের মতবিনিময়

গত শুক্রবার রাত ৯টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদান আরও ফলপ্রসূ করা এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গঠনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, অতীতের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থার মান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, একটি দক্ষ, আধুনিক ও শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন এবং প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব সাঈদ বিন আনোয়ার সজিব।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক নেতারা সভায় অংশ নেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন ভবশুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফুরুকুজ্জামান, গামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌস, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ফারুকী (দুলাল), বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আঞ্জুয়ার পারভেজ, ভিটাকান্দি পোড়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষক প্রতিনিধিরা।

শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খড়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফরিদ আলী। তিনি বলেন, বিগত শাসনামলে একটি পক্ষ ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়ে শিক্ষক সমাজকে বিভক্ত ও কলুষিত করেছে। তাদের এই কমিটিতে স্থান হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভাবনা বাস্তবায়নের মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষক সমাজ কাজ করতে চায়।

সভায় উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এ সময় দেওয়ানগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. লুৎফুল কবির তালুকদারকে সদস্য হিসেবে মনোনয়নের প্রস্তাবে উপস্থিত অনেক শিক্ষক সমর্থন জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ (তারা)।