
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি পুরোনো বক্তব্য। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দেওয়া ওই বক্তব্যে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের শ্রদ্ধা ও অনুভূতির কথা তুলে ধরেছিলেন।
সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে মো. সাহাবুদ্দিনকে শেখ হাসিনাকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করতে শোনা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি সালাম নিতেন না। উনার চরণের ধুলা পাই না, আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল—কেন সালাম নেন না! পরে বুঝলাম, তখনই উনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম গ্রথিত হয়ে গেছে। রাইট চয়েস করেছেন প্রধানমন্ত্রী।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ভিডিওটির বক্তব্য নিয়ে মতামত প্রকাশ করছেন, আবার অনেকে এর প্রেক্ষাপট নিয়েও আলোচনা করছেন।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো বক্তব্য নয়। এটি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগের সময়ের একটি বক্তব্য। তার পদত্যাগের পর পুরোনো ওই ভিডিও নতুন করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তার পদ নিয়ে আলোচনা শুরু হয়। সর্বশেষ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :