আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসন


চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসন

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন নবনিযুক্ত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।

উদ্বোধন শেষে অতিথিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন উপজেলা চালুর ফলে স্থানীয় জনগণ সরকারি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পাবেন। একই সঙ্গে এলাকার প্রশাসনিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মান আরও গতিশীল হবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।