দিনাজপুরের সীমান্ত দিয়ে ৯ নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের সীমান্ত দিয়ে ৯ নারীকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তাদের আবারও ভারতে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তে এ ঘটনা ঘটে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শ্রী রামপুর এলাকার ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকা দিয়ে ৯ জন ভারতীয় নারীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিএসএফ সদস্যরা ওই নারীদের সরিয়ে নিয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে সীমান্ত এলাকায় বিএসএফের উপস্থিতি বেড়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা আবারও ভারতে ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ভোরে সীমান্ত এলাকায় বিজিবির বাঁশির শব্দ শুনে তার ঘুম ভাঙে। পরে বাইরে এসে তিনি দেখতে পান, ৯ জন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ সময় গ্রামবাসী তাদের বাধা দেন।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, ভোরে বিএসএফ সদস্যরা ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় সকালে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়।

ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বলেন, ভারত থেকে অবৈধভাবে ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।