নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু


চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রমের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী কার্যালারের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা নবগঠিত উপজেলার প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন উপজেলা হিসেবে চন্দ্রগঞ্জের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় জনগণ এখন সরকারি বিভিন্ন সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে গ্রহণ করতে পারবেন। এতে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়বে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, উপজেলা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সামগ্রিক জনসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার বিকেন্দ্রীকরণ নিশ্চিত হওয়ায় উন্নয়নের সুফল দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

নতুন উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করছেন, নতুন উপজেলা হিসেবে চন্দ্রগঞ্জ দ্রুত একটি আধুনিক ও সেবামুখী প্রশাসনিক কেন্দ্রে পরিণত হবে।