
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকার পদে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনবোধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নেওয়া থাকে। একইভাবে ডেপুটি স্পিকারের শপথের মধ্যেও উল্লেখ থাকে, স্পিকারের পদ শূন্য হলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।”
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে স্পিকার বলেন, পদত্যাগপত্র পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও অসুস্থতার কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা, বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সংবিধান ও দেশের প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার আলোকে রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সাংবিধানিক নিয়ম অনুসরণ করেই রাষ্ট্রের দায়িত্ব পালনের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্থিরতা তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্ধারিত প্রক্রিয়ায় দায়িত্ব বণ্টন করা হয়।
রাষ্ট্রপতির পদত্যাগের পর এখন নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।
আপনার মতামত লিখুন :