
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র এবং একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, কোনো রাজনৈতিক চাপের মুখে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই তা কার্যকর হয়। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে বিকেল ৫টায় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ এবং পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে এ ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
মোহাম্মদ সাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রায় তিন বছরের দায়িত্ব পালন শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক কাঠামোয় নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। এখন সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
আপনার মতামত লিখুন :