
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ, মশার উপদ্রব নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে পৌরসভা।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পাটগাতি বাজারের ড্রেন পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ময়লা জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে পৌর এলাকার বিভিন্ন অংশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি মশার উপদ্রবও বেড়েছে। ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই জলাবদ্ধতা কিছুটা কমতে শুরু করেছে। পুরো পরিষ্কার কাজ শেষ হলে মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
টুঙ্গিপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, পাটগাতি বাজার এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার, পাঁচকাহনিয়া এলাকার ৫০০ মিটারসহ মোট সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং পুরো কার্যক্রম শেষ করতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে।
তিনি আশা প্রকাশ করেন, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা হলে চলমান বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে অনেকটাই রক্ষা পাবেন।
আপনার মতামত লিখুন :